কুরআন কথন - সংখ্যা ২
জানুয়ারী ২০২৬
আগামীর বাংলাদেশে রাজনীতিকে যদি পরিশুদ্ধ করতে হয়, তবে ডান-বাম, ধর্মীয় এবং সেক্যুলার; বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের দ্বারা গড়ে ওঠা সকল রাজনৈতিক শক্তিগুলোকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে কুরআন পাঠ করে ন্যায়বিচার ও জনকল্যাণের বিষয়গুলো জানা অত্যাবশ্যক। একটি আদর্শ ও গণমুখী রাজনীতি বিনির্মাণের জন্য কুরআনী জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি নৈতিক দায় আছে, যেখানে তারা পরস্পরকে সংশোধন, সতর্ক করতে প্রতিনিয়ত কাজ করে যাবে। সুতরাং ধর্মের ঢাল ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তি দেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিকে উস্কে দিয়ে ভুল পথে পরিচালিত করছে কিনা, কুরআনের জ্ঞান থাকলে একজন তা সহজেই চিহ্নিত করতে সক্ষম হবে। কুরআন দিয়ে সতর্ক করা বা স্মরণ করিয়ে দেয়ার এই চর্চা শুরু হলে, রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় ধরণের গুণগত এবং ইতিবাচক পরিবর্তন আসবে আশা করা যায় – যা পর্যায়ক্রমে সুস্থ ও অপেক্ষাকৃত পরিশুদ্ধ ধারার রাজনীতির বিকাশে ভূমিকা রাখবে। কুরআন দিয়ে সহযোগী রাজনৈতিক শক্তিকে এই সংশোধন প্রচেষ্টা, তাদের বিশাল কর্মী-সমর্থকদেরও স্বীয় নেতৃত্বকে কুরআন দিয়ে যাচাই করে নেয়ার মোক্ষম সুযোগ করে দিবে।